যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।
শিশুসহ ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক শেতাঙ্গকে আটক করেছে পুলিশ। তারা ধারণা করছেন, তিনি একাই এ হামলা চালিয়ে থাকতে পারেন।
হেফাজতে নেয়া ব্যক্তির নামও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম। তিনি ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস।
পুলিশ বলছে, এ বিষয়ে পরবর্তী কোনো হুমকি আসেনি। প্রাথমিকভাবে একাধিক বন্দুকধারীর হামলার কথা জানা যায়।
শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।

Comments
Post a Comment